শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার কাজিপুরে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজিপুর উপজেলা হাসপাতালে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের এম সি এএইচ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বকুলের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের শান্তির জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিন। জঙ্গিবাদের মদদদাতা ও একাত্তরের ঘাতকদের ভোট দেবেন না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে গেছে, সেকেলে স্বাস্থ্যসেবা আর নেই, মাতৃত্বকালীন সেবা এখন অনেক উন্নত। মাতৃমৃত্যুর হারও অনেক কমে এসেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। মাতৃমৃত্যুর হার আরো কমাতে হাসপাতালে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার জন্যও আহ্বান জানান তিনি। বাসস
ইত্তেফাক/কেকে
