হাসপাতালে মাদক ব্যবসা !

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২২:০৫
 
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ কর্মচারীকে আটক করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বুধবার রাতে বন্দর থানার মদনপুরের দি বারাকাহ্ হাসপাতালে অভিযান চালায়। তারা প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মো. মোহন মিয়াকে (৪৮) আটক করে। তার কাছে ৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। মোহনকে মাদক ব্যবসায় সাহায্য ও সহযোগিতা করার অপরাধে ওই হাসপাতালে কর্মরত কর্মচারী বন্দর থানার গকুলদাসেরবাগ এলাকার মৃত সোলেমান ভুইয়ার ছেলে  জাবেদুর রহমান ওরফে সুমন (৩২), পশ্চিম কেওঢালা এলাকার শফি উদ্দিনের ছেলে মো. মহসিন উদ্দিন (২৭), খুলনার খালিসপুর থানার মজগুন আবাসিক এলাকার মৃত আনোয়ার হোসেনের এএসএম মনোয়ার হোসেন (৪২) ও জামালপুরের ইসলামপুর থানার পূর্ববেলাগাছা এলাকার মৃত আব্দুল হক আকন্দের ছেলে মো. মীর কাসেম আকন্দকে (৫৫) আটক করে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে হাতপাতালে মাদক ব্যবসা করে আসছিল।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি