মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২২:৪১

রাজধানীর মিরপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত গৃহবধুর নাম মোসাঃ শাহিনুর (২০)। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শাহিনুরের শশুর আবুল কাশেম জানান, মিরপুরের পূর্ব মনিপুর মোল্লাহ রোডের ভাড়া বাসায় নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছিল শাহিনুর। বাসার লোকেরা তাকে উদ্ধার করে তাকে আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টায় শাহিনুরকে মৃত ঘোষণা করেন। সে পিরোজপুরের সৌরভকাঠীর আব্দুর রবের মেয়ে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর উপ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। শশুর কাশেম আরো বলেন, আমরা বাবা ছেলে দুজনই পেশায় গাড়ী চালক। শাহিনুরের স্বামীর নাম মোঃ সোহাগ। দুই বছর আগে শাহিনুরের সঙ্গে সোহাগের বিয়ে হয়। পারিবারিক কোন কলহ ছিল কিনা, এতো আমি কখনো দেখিনি। তাদের ৫ মাস বয়সি এক মেয়ে আছে।

ইত্তেফাক/নূহু