হাটহাজারীতে মাদকাসক্তকে ১ বছরের কারাদণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২৩:৫৪

হাটহাজারীতে নঈম উদ্দীন(২৮) নামের এক মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এ দণ্ড প্রদান করে দণ্ডিতকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। দন্ডিত নঈম মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ ছবীর উদ্দিন এর পুত্র।
 
সূত্রে জানা যায়, দণ্ডিতকে নেশাগ্রস্থ অবস্থায় মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী গ্রাম পুলিশ দিয়ে আটক করে পরিষদে নিয়ে আসে। পরে আটকৃতের অভিভাবকদের পরিষদে ডাকা হয়। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী জানান, নেশা করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করছিলো নঈম। খবর পেয়ে তাকে আটক করে পরিষদে নিয়ে আসা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকাসক্তদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ইত্তেফাককে জানান, দণ্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু