একাদশ জাতীয় সংসদ নির্বাচন

দুই জাতীয় নেতার জন্য সবার চোখ থাকবে রংপুরের দিকে

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০১:১২

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে রংপুর। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যত্যয় ঘটছে না। দুই জাতীয় নেতা রংপুরের দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিগত দিনের মতো এবারও দেশবাসীর চোখ থাকবে রংপুরের দিকেই। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ রংপুর থেকে নির্বাচন করবেন বলে উভয় দল থেকে বলা হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একে অপরের প্রতিদ্বন্দ্বী হবেন না। এদিকে রংপুরের ছয়টি আসনের মধ্যে চারটি আওয়ামী লীগ ও দুইটিতে জাতীয় পার্টি (এ) নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজনৈতিক মহল মনে করেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (এ) নির্বাচনী ঐক্য না হলে এবং জাতীয়  পার্টি (এ) এককভাবে নির্বাচন করলে শুধুমাত্র রংপুর-৩ (সদর) আসনে এরশাদ নিজেই প্রার্থী হলে তবেই জয়লাভ করতে পারবেন।

অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরের ছয়টি আসনেই মনোনয়ন প্রত্যাশীদের জোর তত্পরতা শুরু হয়েছে। তবে ছয়টি আসনেই জয়ের স্বপ্নে বিভোর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এ)।

গত ২ মেয়াদে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে রংপুরে বিভাগ, বিশ্ববিদ্যালয়, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, তিস্তা সড়ক সেতু নির্মাণ, ফোর লেন রাস্তা, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়ন, রংপুর-ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, রংপুর টেক্সটাইল ইন্সটিটিউট প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, পুরুষ ও মহিলাদের জন্য আন্তর্জাতিকমানের সুইমিং পুল প্রতিষ্ঠাসহ রংপুরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও গ্রহণ করায় রংপুরের মানুষ আওয়ামী লীগের দিকে ঝুঁকছেন।

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন উপহার দেওয়া হবে।

ইত্তেফাক/নূহু