মৌসুমের শুরুতেই বার্সেলোনা হতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে কিনে নেয় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ মূল্য ১৮০ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছে কিলিয়ান এমবাপেকেও। টাকার প্রতিদান ইতোমধ্যেই দলটি পেতে শুরু করেছে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে আন্ডারলেখটের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। দুই তারকাই গোল পেয়েছেন।
তরুণ সতীর্থ এমবাপেকে ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেছেন, ‘সে দারুণ এক প্রতিভা, চমৎকার ফুটবলার। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার ক্ষমতা তার রয়েছে। তার জন্য আমি যতটুকু পারি সবটুকুই করব। বার্সেলোনায় মেসি আমার জন্য যা করেছে, আমি তার (এমবাপ্পে) জন্যও তেমনটা করতে চাই।’
২০১৩ সালে ২১ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সায় পা রেখেছিলেন নেইমার। কাতালান ক্লাবটিতে চার বছরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে অনেক শিরোপা জিতেছেন। তরুণ নেইমারকে আরও পরিণত ফুটবলারে পরিণত করেছেন মেসি। আর নেইমারের কণ্ঠেই এবার সেই স্বীকৃতি মিলেছে।
ইত্তেফাক/কেআই
