পশুসম্পদ পদকের জন্য ১৪ জন মনোনীত

আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৭:৫৯
দেশের পশুসম্পদ খাতের উন্নয়নে অবদানের জন্য ১৪ জনকে পশুসম্পদ পদক-২০১৭ প্রদান করা হবে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে তৃতীয় পশুসম্পদ পদক, সেমিনার ও পশুসম্পদ পোল্ট্রি ফেয়ার-২০১৭ অনুষ্ঠানে এই পদক দেয়া হবে।
 
আজ শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় পদক প্রদান অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ লাইভস্টোক সোসাইটি (বিএলএস) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়।
 
পদক পাওয়ার তালিকায় রয়েছেন ড. খন্দকার আলমগীর হোসেন, ড. কাজী কমর উদ্দিন, ড. সাইফুল ইসলাম, ড. আজমত আলী, ড. জহিরুল ইসলাম, ড. আবদুল্লাহ আল মাহমুদ, ড. আবদুল মান্নান, এরশাদ আলী, মোল্লাহ রেজাউল করিম, দেওয়ান সিরাজ, ড. আইনুল হক, শাহিন সরকার, আবদুল আউয়াল হক ও জিল্লুর রহমান চৌধুরী।
 
অনুষ্ঠানে মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএলএস সভাপতি জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম ও কোষাধ্যক্ষ এনামুল হক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই