সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার মামলায় শুক্রবার দুপুরে তাড়াশ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানার ওসি মনজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে ফরহাদের মুক্তির দাবিতে দলীয় নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।অন্যদিকে মামলার বাদী বাবুল শেখ অভিযোগ করেন, তার ব্যক্তিগত অফিস ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৬ সালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের অফিস কক্ষে প্রবেশ করে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তার ভাগ্নে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বাদী হয়ে মামলা করেন। পুলিশ এ মামলায় অভিযোগপত্র দায়ের করেন। এর ফলে মামলার অন্যতম আসামি তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে।
ফরহাদ আলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
