ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে দুর্গাপুর গ্রামের মোল্লাবাড়ি ও জারু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের একটি ঘটনা মীমাংসার জন্য শুক্রবার বিকালে স্থানীয় হাইস্কুল মাঠে দুপক্ষের লোকজন সালিসে বসে। এসময় জারু মিয়ার বাড়ির সামসুল হকের ছেলে মহিউদ্দিনের সাথে মোল্লা বাড়ির রফিকুল ইসলামের ছেলে বোরহানের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে জারুর বাড়ির লোকজন মোল্লাবাড়ির মোতালিব মিয়ার একটি বসত ঘরে আগুন দেয়াসহ অন্তত ৫টি বাড়িতে ভাংচুর চালায় প্রতিপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
