বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজশাহী অঞ্চলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বৃষ্টি খেটে খাওয়া মানুষদের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। এদিকে বৃষ্টির মধ্যেই শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর নওগাঁ সড়কের শালবাগান এলাকায় গাছ চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোচালক কুরবান আলী (২৮) নগরীর বায়া এলাকার ভোলাবাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে অটোরিকশা শালবাগান হয়ে রেলগেটের দিকে যাচ্ছিল। পথে সড়ক ও জনপদ (সওজ) বিভাগীয় কার্যালয়ের মসজিদের উত্তরে পৌঁছালে রাস্তার ধারে একটি বিশালাকৃতির গাছ অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশার চালক নিহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে গাছটি সরিয়ে নেয়া হয়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি তদন্ত সেলম বাদশা বলেন, শালবাগান এলাকায় গাছ পড়ে অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অটোর ৩যাত্রী গুরুতর আহত হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
