প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মমতাময়ী মায়ের স্নেহ দিচ্ছেন: মতিয়া চৌধুরী

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৯:১৮
কৃষিমন্ত্রী মতিয়া চোধুরী বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তথাপি তাদের সাথে জাতিরজনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো আচরণ করছেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত পাঠানোর ব্যাপারে সমগ্র বিশ্বের সমর্থন আদায় করছেন। মিয়ানমার সরকার অবশ্যই তাদের ফেরত নিতে বাধ্য হবে।
 
শুক্রবার সন্ধায় নকলা মুক্তমঞ্চে সোলার বাতি বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মডেলে রূপান্তর করছেন। তার নেতৃত্ব আজ সারা বিশ্বে প্রশংসিত। প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তির জগতে আমাদের বিজয় এনে দিয়েছেন। শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর আরেক সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল মানবতার সেবায় কাজ করছেন।
 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শুক্রবার সন্ধায় নকলা উপজেলার আনসার ভিডিপি সদস্য, ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার সোলার বাতি বিতরণ করেন।
 
এ সময় পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম।