মায়ের বকুনিতে অভিমানী জেএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৯:৩০
মায়ের বকুনি খেয়ে হাটহাজারীতে মাইমুনা আক্তার মণি (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার বিকাল তিনটায় চিকিত্সাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 
সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গাজী পাড়া সেকান্দরের নতুন বাড়ির কৃষক সেকান্দরের একমাত্র কন্যা ও  চারিয়া উচ্চ বিদ্যালয়ের আসন্ন জেএসসি পরীক্ষার্থী।
 
নিহতের ভাই মামুন (২২) জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে তার মা খতিজা বেগম মাইমুনা আক্তার মণিকে বকুনি দেয়। এতে সে অভিমান করে পরিবারের সবার অজান্তে ঘরে রাখা কিটনাশক পান করে। মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় বিকাল তিনটায় তার মৃত্যু হয়।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিষপানে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে পাঁচলাইশ আমাদের বার্তা পাঠিয়েছেন। আমরা ময়না তদন্ত করে লাশ পরিবারকে হস্তান্তরের জন্য বলেছি।
 

ইত্তেফাক/এএম।