‘শিল্পীরা সবসময়ই শিল্পীর সুখ-দুঃখে পাশাপাশি থাকার চেষ্টা করি’

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১০:৪৩
 
মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বতর্মান নির্বাচিত সভাপতি। শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি হওয়ার পর তার বাসায় শিল্পীদের নিয়ে গেট-টুগেদার করার সময় এবং সুযোগ কোনোটিই হয়ে ওঠেনি মিশা সওদাগরের। 
 
নিজের কাজ এবং সমিতির কাজে তাকে এতটাই ব্যস্ত থাকতে হয়েছে যে, ঠিকমতো গেট-টুগেদার পরিকল্পনা করার সুযোগ পাননি তিনি। যেহেতু শিগগিরই তিনি ওমরায় যাবেন এবং এই সময়ে ব্যস্ততা কিছুটা কম আছে, তাই শিল্পীদের কাছে দোয়া চাইতে ও একসঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্যোগ নেন মিশা। 
 
তারই নিমন্ত্রণে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১২নং সেক্টরে তার বাসায় উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানা, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, সম্রাট, চিত্রনায়িকা পপি, পূর্ণিমা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নিপুণ, সাইমন সাদিক, পরিচালক ছটকু আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, সুমন দে’সহ অনেকে। 
 
হঠাৎ এমন আয়োজন প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এটা সত্য যে, আমরা শিল্পীরা সবসময়ই শিল্পীর সুখ-দুঃখে পাশাপাশি থাকার চেষ্টা করি। একে অন্যের বিপদে হাত বাড়িয়ে দিই। শুধু সমিতির সভাপতি হয়েই নয়, ক্ষমতার বাইরে থেকেও আমি আমার শিল্পীদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। শিল্পী সমিতির সভাপতি হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। যারা আমার নিমন্ত্রণে সাড়া দিয়ে আমার বাসায় এসেছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
 
ইত্তেফাক/আনিসুর