খাগড়াছড়িতে জেএসএস নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১২:১৮
 
খাগড়াছড়িতে সমায়ুন চাকমা (৪৫) নামে জেএসএস (এমএন) গ্রুপের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় জেলা সদরে কমলছড়ি ভুয়াছড়ির খ্রিস্টান পাড়ায় এ ঘটনা ঘটে।
 
আজ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তাবাহিনী ও পুলিশ খবরটি নিশ্চিত করেছেন।
 
খাগড়াছড়ি রিজিওনের স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দুর্গম এলাকা খ্রিস্টান পাড়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সমায়ুন চাকমা নিহত হন। তিনি জেএসএস (এমএন লারমা) গ্রুপের নেতা।
 
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। শনিবার সকালে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
ইত্তেফাক/জামান