পানছড়িতে অস্ত্র ও গুলিসহ চার ইউপিডিএফ কর্মী আটক

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৪:১৬
 
খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা আদায়কালে চার ইউপিডিএফ সদস্যকে গণধোলাই দিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করেছে জনতা। পরে তাদের স্বীকারোক্তিতে দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
 
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, শুক্রবার রাতে পানছড়ি কলেজ গেইট এলাকার একটি ভবনে চাঁদা আদায়কালে স্থানীয় জনগণ ইউপিডিএফ'র চার চাঁদাবাজকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউপিডিএফ'র ওই সদস্যদের উদ্ধার করে।
 
আটককৃতরা হচ্ছেন, পানছড়ির দক্ষিণ নালা কাটার শাস্তি দুলাল চাকমার ছেলে মুক্তাত্বার দেওয়ান চাকমা, একই উপজেলার বৌদ্ধরাম পাড়ার সুকুমনি চাকমার ছেলে সুমন চাকমা, বৌদ্ধরাম পাড়ার মবুক চাকমার ছেলে বিমল চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার খেড়া কুমার ত্রিপুরার ছেলে বৌদ্ধিরাম ত্রিপুরা।
 
পরে তাদের স্বীকারোক্তিতে শনিবার ভোর রাতে একটি আমেরিকান পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। স্থানীয় লোকজন জানায়, আটক ইউপিডিএফ সদস্যরা দীর্ঘ দিন ধরে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। পানছড়ি থানার ওসি মিজানুর রহমান জানান, আটক চার ইউপিডিএফ'র সদস্যের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।
 
উল্লেখ্য, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর এটি ঢাকায় একটি কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে চায়।
 
ইত্তেফাক/জামান