আগামী মাসে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটিতে খেলা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে জর্জ সাম্পাউলির বিবেচনায় নেই গঞ্জালো হিগুয়েনের নাম। আগামী ১০ নভেম্বর বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মস্কো সফরে যাচ্ছে আর্জেন্টিনা। এরপর আরেকটি দলের সাথে সেখানে মুখোমুখি হবে, দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
জুনে আর্জেন্টাইন দলের দায়িত্ব নেবার পরে জুভেন্টাস তারকা হিগুয়েনকে বিবেচনা করেননি সাম্পাওলি। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে হিগুয়েইন ৬৯ ম্যাচে ৩২টি গোল করেছেন। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হিগুয়েন মূল একাদশে ছিলেন। এ সম্পর্কে সাম্পওলি বলেছেন, বিশ্বকাপে আদৌ হিগুয়েন যাবে কিনা এনিয়ে আমরা এখনো পর্যালোচনা করছি।
এদিকে সিটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন আগুয়েরো। ৬ ম্যাচে এ পর্যন্ত করেছেন ৬ গোল। পায়ের ইনজুরির কারনে বিশ্বকাপের শেষ দুটি বাছাইপর্বের ম্যাচে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে তিনি অনুপস্থিত ছিলেন। সাম্পাওলি ইঙ্গিত দিয়েছেন মেসি ও জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা একসঙ্গে খেলতে নামবেন। দিবালা এখনো দলের হয়ে কোন গোল পাননি। শেষ দুটি ম্যাচে দিবালা বদলী বেঞ্চে ছিলেন।
আর্জেন্টিনা দল : গোলরক্ষক- সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন। ডিফেন্ডার- গ্যাব্রিয়েল মার্কাডো, ফেডারিকো ফ্যাজিও, হ্যাভিয়ের মাসচারেনো, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি। মিডফিল্ডার- ইদুয়ার্দো স্যাভিয়ো, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগিলা পারেদেস, মাতিয়াস ক্র্যানেভিটার, ইভার বানেগা, মার্কস আকুনা, আলেজান্দ্রো গেমেজ, গিয়েগো পেরোটি। ফরোয়ার্ড-লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাওরো ইকার্দি।
ইত্তেফাক/কেআই
