কচুয়ায় গাছ পড়ে ৩ ঘণ্টা রাস্তা বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৪:৪৪
 
বাগেরহাটের কচুয়ায় রাস্তার উপর গাছ পড়ে তিন ঘণ্টা ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুটি বিদ্যুতের খুঁটিও ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটি ভাঙায় উপজেলার অধিকাংশ গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
ভেঙে যাওয়া বিদ্যুতের দুইটি খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। শনিবার সকালে উপজেলার সাইনবোর্ড-কচুয়া আঞ্চলিক সড়কের খলিশাখালি নামক স্থানে একটি মেগনি গাছ রাস্তার উপর উপড়ে পড়ায় এ ঘটনা ঘটে।
 
ঘটনার কিছুক্ষণ পর থেকে কচুয়া পল্লীবিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাজ করছে। স্থানীয় লোকজন রাস্তার উপর থেকে গাছ সরানোর কাজ করছে।
 
পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়ার লাইনম্যান ফারুক বলেন, দুটি খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাগেরহাট থেকে খুঁটি ও ট্রান্সফরমার পাঠিয়েছে। পৌঁছুলে আমরা খুঁটি ও ট্রান্সফরমার লাগিয়ে সংযোগ দিব। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার।
 
খুঁটি ও ট্রান্সফরমার পৌঁছানোর আগে প্রধান লাইনের সাথে গ্রামের ছোট লাইন গুলোর সংযোগ বিচ্ছিন্ন করে প্রধান প্রধান এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা চলছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়েছি আসা করছি অতিদ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে।
 
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মাসুদ বলেন, গাছের মালিক জেলা পরিষদ। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/জামান