মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবার ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ। এখন পুরো ভারতীয় দলই রয়েছে সেখানে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচ। তার আগে ভারতের অনুশীলনে দেখা গেল শচিনপুত্র অর্জুনকে। যিনি নেটে বল করলেন বিরাট কোহলিদের বিপক্ষে।
এ দিন বিরাটদের অনুশীলনে ডাকা হয়েছিল মু্ম্বাই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। আর সেখানেই বিরাটদের বিপক্ষে বল করলেন শচিনপুত্র অর্জুন টেন্ডুলকর। বিসিসিআই সেই ছবি টুইট করেছে। যেখানে দেখা যাচ্ছে ১৮ বছরের জুনিয়র শচিন নেটে বল করছেন। বাবা বিশ্বের সেরা ব্যাটসম্যান হলে কী হবে ছেলে অর্জুন কিন্তু ফাস্ট বোলার। কিছুদিন আগেই লর্ডসে নেটে জন বেয়ারস্টোকে আউট হতে হয়েছিল অর্জুনের ইয়র্কারে।
এ দিনের অনুশীলনে চমক ছিল ধোনির ছক্কায়ও। ক্যারিয়ারে এখনও পর্যন্ত ২০০র উপর ছক্কা হাঁকিয়েছেন মাহি। কিন্তু সব থেকে বিখ্যাত শ্রীলঙ্কার নুয়ার কুলাসেকারাকে লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ভারতকে ২০১১ বিশ্বকাপে জয় এনে দেওয়া। অনুশীলনে সেই ছক্কাই আবার মনে করিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।-আনন্দবাজার।
ইত্তেফাক/কেআই
