তাড়াশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাশেদুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। উপজেলার বারুহাস বিনসাড়া গ্রামে শনিবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের হানিফ আলী মোল্লার তিন ছেলের মধ্যে ছোট ছেলে সজিব মোল্লার (১৯) বিয়ে নিয়ে শুক্রবার রাতে পারিবারিক বৈঠক বসে। এতে সজিব সঙ্গে অপর দুই ভাইয়ের কথাকাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। রাতে বৈঠক শেষে তারা ঘুমিয়ে পরে। আগেরদিন রাতের ঘটনার জের ধরে শনিবার দুপুরে বড় ভাই রাশেদুলের সঙ্গে সজিবের আবারো কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব বড় ভাইয়ের পাঁজরে ছুরি ঢুুকিয়ে দেন। এতে রাশেদুল গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, হত্যার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অারকেজি
