কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে জমি নিয়ে বিরোধের জেরধরে সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। নিহত সাইদুল ভেড়ামারার গোলাপনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ভোড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত দুই দিন আগে গোলাপনগরের সাইদুলের সঙ্গে প্রতিবেশী মুনসুর আলীর জমি নিয়ে বিরোধের জেরধরে ধরে দেশীয় অস্ত্রদিয়ে সাইদুলের মাথায় আঘাত করেন মনসুর। এ ঘটনার পর পরিবারের লোকজন সাইদুলকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করেন। আজ বিকেলে সাইদুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হস্তান্তর করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় গোলাপনগর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
ইত্তেফাক/কেকে
