বর আসার আগেই বিয়ে বাড়িতে উপস্থিত হলেন ইউএনও। তারপর ভেঙ্গে দিলেন বাল্য বিয়ে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রীবহলী গুড়িয়াপাড়া গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।
জানা যায়, পীরগঞ্জের ইউএনও এডব্লিউএম রায়হান শাহের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল শান্তী। ওই গ্রামের রেজাউল ইসলাম তার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী সোহানা পারভীন শান্তীর বিয়ের আয়োজন করেন। এ খবর পেয়ে বরযাত্রী আসার আগেই বিয়ে বাড়িতে উপস্থিত হন ইউএনও এবং ভেঙ্গে দেন শান্তীর বাল্য বিয়ে।
রেজাউল বলেন, “না বুঝে ভুল পথে পা বাড়িয়ে ছিলাম। প্রশাসন আজ আমার চোখ খুলে দিয়েছে। আমাদের মেয়েকে পড়াশুনা করাব যাতে সে আদর্শ মানুষ হয়ে ওঠে।”
ইউএনও এডব্লিউএম রায়হান শাহ বলেন, বাল্য বিবাহ বন্ধে প্রশাসন সজাগ আছে। আমি এ উপজেলায় যোগদানের পর সৈয়দপুর ইউনিয়নের যুক্তিপাড়া গ্রামে ও কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া গ্রামে পৃথক দুইটি বাল্য বিবাহ বন্ধ করেছি।
ইত্তেফাক/আরকেজি
