হাসান-বাবরের নৈপুণ্যে চতুর্থ ওয়ানডেও জিতলো পাকিস্তান

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৩৭
বিশ্বসেরা পেসার হাসান আলীর দুর্দান্ত বোলিং-এর পর ব্যাটসম্যান বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং-এ সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারালো পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল সরফরাজের দল।
 
শারজাহ-এ টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। হাসানের সাথে ইমাদ ওয়াসিম ও শাহদাব খানের বোলিং নৈপুণ্যে ৩৮ বল বাকী থাকতেই ১৭৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন লাহিরু থিরিমান্নে। এছাড়া বোলার সুরাঙ্গা লাকমল অপরাজিত ২৩ ও ওপেনার-উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ২২ রান করেন। পাকিস্তানের হাসান ৩৭ রানে ৩টি, ওয়াসিম ও শাহদাব ২টি করে উইকেট নেন। 
IMG0
জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১২ রানের প্রথম উইকেট হারানোর পর দীয় ৫৮ রানে তৃতীয় ব্যাটসম্যানকে হারায় তারা। তাই ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে চতুর্থ উইকেটে ১৫০ বলে অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর ও শোয়েব মালিক। তখনো ম্যাচের ৬৬ বল বাকী ছিলো। বাবর ও মালিক ৬৯ রান করে অপরাজিত থাকেন। বাবরের ইনিংসে ৫টি চার ও মালিকের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা ছিলো। ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের বাবর। 
 
আগামী ২৩ অক্টোবর শারজাহ’তে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
শ্রীলঙ্কা : ১৭৩, ৪৩.৪ ওভার (থিরিমান্নে ৬২, লাকমল ২৩, হাসান ৩/৩৭)। 
পাকিস্তান : ১৭৭/৩, ৩৯ ওভার (বাবর ৬৯*, মালিক ৬৯*, গামেগা ১/২৭)।
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। 
ম্যাচ সেরা : বাবর আজম (পাকিস্তান)। 
 
ইত্তেফাক/রেজা