তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কাল রবিবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও সফরকারী নিউজিল্যান্ড। তাই জয় দিয়ে সিরিজ শুরুর করার প্রত্যয় ব্যক্ত করেছে দু’দল। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পারফরমেন্স ধরে রাখাই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে ভারতের মাটিতে প্রতিপক্ষকে হারানো কঠিন বলে মনে করে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।
সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে সহজেই সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। তাই বেশ ফুরফুরে মেজাজেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের পারফরমেন্সে খুশি অধিনায়ক বিরাট কোহলি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা পারফরমেন্স প্রত্যাশা করছেন তিনি, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে দল। তাই প্রথম তিন ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে ফেলেছিলাম আমরা। আশা করবো নিউজিল্যান্ডের বিপক্ষেও দল ভালো পারফরমেন্স করবে এবং সিরিজ জিতবে। তবে সিরিজের শুরুটা জয় দিয়েই করতে চাই আমরা।’
সিরিজে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন দলে সহ-অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে বড় হুমকি মনে করছেন রোহিত, ‘নিউজিল্যান্ডের সেরা অস্ত্র বোল্ট। সে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বোল্টকে ভালোভাবে সামলাতে হবে আমাদের দলের ব্যাটসম্যানদের। সর্বশেষ সফরে বোল্ট আমাদের ভুগিয়েছিলেন। তারপরও আমরা জানি, বোল্টকে কিভাবে সামলাতে হবে। তবে শুধুমাত্র বোল্টকে নিয়েই নয়, পুরো নিউজিল্যান্ড দলের বোলিং ইউনিট নিয়ে আমরা পরিকল্পনা করেছি।’
গত অক্টোবরে ভারত সফরে পাঁচটি ওয়ানডে খেলেছিলো নিউজিল্যান্ড। দারুণ প্রতিন্দ্বন্দিতা গড়ে তুলেছিলো কিউইরা। হার দিয়ে সিরিজ শুরু করলেও, দ্বিতীয় ও চতুর্থ ওয়ানডে জিতে লড়াইয়ে দারুণভাবে টিকে ছিলো নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটি ৩-২ ব্যবধানে হারতে হয় তাদের। তাই ঐ অভিজ্ঞতা ও বর্তমান প্রেক্ষাপটে ভারতের মাটিতে তাদের হারানো বেশ কঠিন বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

তিনি বলেন, ‘দেশের মাটিতে ভারতের রেকর্ড খুবই ভালো। বর্তমানে তারা খুবই শক্তিশালী দল। তাদেরকে হারানো বেশ কঠিন কাজ। দেশের মাটিতে তারা বিশ্বসেরা দল। তবে এতে কোন সন্দেহ নেই আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। এখানে আমাদের সর্বশেষ সিরিজ থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করছি এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করাই আমাদের প্রধান লক্ষ্য। তবে আমাদের জন্য অনেক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সতীর্থরা সফল হতে পারলে দলও সাফল্য পাবে। তাই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আগের সফরের চেয়ে ভালো করতে হবে দলকে।’
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, মনিষ পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দা চাহাল, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল ও আশিষ নেহরা।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও জর্জ ওয়ার্কার।
ইত্তেফাক/রেজা
