প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে সরকার দেশের মানবসম্পদ উন্নয়নে অধিকতর গুরুত্ব দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে কাকরাইল আইডিইবি ভবনে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিপিওএ)’র বার্ষিক সম্মেলন এবং এসডিজির লক্ষ্য অর্জনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বেসরকারি খাতের অংশগ্রহণ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মনজুরুল কাদের, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান।
সেমিনারে পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (অ্যাক্রোডিয়েশন) এস এম শাহজাহান। মূল বক্তব্য উপস্থাপন করেন মো. শামসুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেলি ইয়াসমীন।
আজাদ বলেন, সরকারের বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে ইতোমধ্যে দেশে মোট শিক্ষার্থীর ১৪ ভাগ কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে। যা পর্যায়ক্রমে ৫০ ভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ইতোমধ্যে জাতীয়ভাবে অনেক অর্জন সম্ভব হয়েছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত। অগ্রগতির এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।
মূল বক্তব্যে সংগঠনের সভাপতি মো. শামসুর রহমান মানবসম্পদ উন্নয়নে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কিভাবে ভূমিকা রাখছেন তার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।
ইত্তেফাক/কেকে
