ক্রিশ্চিয়ানো রোনালদো। নাম শুনলেই মাথায় আসে ইস্পাত কঠিন মনোবলের এক দুর্ধর্ষ যোদ্ধা, পিছিয়ে পড়েও হার না মানা মানসিকতার এক অদম্য গ্ল্যাডিয়েটরের কথা। গতির ঝড়ে বুনো উদ্দামতায় তিনি জয় করে নিতে চান সব। যেকোনো মূল্যে তার চাই গোল। চাই দলের জয়। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এই অধিনায়ক মাঠে যেমন আগলে রাখেন সতীর্থদের, তেমনি মাঠের বাইরেও রোনালদো তাদের গুরু।
মাঠে কীভাবে গোল করতে হবে বা কীভাবে খেলতে হবে, সতীর্থদের প্রায়শই দেখিয়ে দেন রোনালদো। পাশাপাশি মাঠের বাইরে সতীর্থদের প্রেম জীবনের সংকট নিরসনে টিপসও দেন ‘প্রেমিক পুরুষ’ খ্যাত রোনালদো। যার সর্বশেষ প্রমাণ, সাবেক রিয়াল সতীর্থ জেমস রদ্রিগেজকে সম্প্রতি নতুন বান্ধবী খুঁজে দিয়েছেন রোনালদো। শুধু খুঁজে দেওয়াই নয়, কীভাবে তাকে পটাতে হবে তার টিপসও দিয়েছেন রোনালদো!

জেমস রদ্রিগেজ সম্প্রতি যে বান্ধবীতে মজে রয়েছেন তিনি হলেন হেলগা লাভকাতে। রাশিয়ান এই মডেল ঘুম উড়িয়ে দিয়েছেন জেমসের। এক পার্টিতে হেলগার সঙ্গে জেমসকে আলাপ করিয়ে দেন রোনালদোই। এরপর পরিচয় থেকে প্রণয়। সেই থেকে দুজন একসঙ্গেই সময় কাটাচ্ছেন জেমস-হেলগা। বিভিন্ন সময় সাবেক সতীর্থকে প্রেমের টিপস দিয়ে সাহায্যও করেছেন ‘লাভ গুরু’ রোনালদো।
এর আগে ২০১০ সালে দানিয়েলাকে বিয়ে করেন জেমস। চলতি বছরের জুলাই মাসে দানিয়েলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল কলম্বিয়ার এই তারকা ফুটবলারের। জেমসের স্ত্রী দানিয়েলা ছিলেন ভলিবল চ্যাম্পিয়ন। তিনি আর্সেনাল ও কলোম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনার বোন। জেমস-দানিয়েলার একটি কন্যা সন্তানও রয়েছে। তবে তাদের মাঝে ডিভোর্স হওয়ার পর এখন মুক্ত বিহঙ্গই জেমস।

রোনালদো আলাপ করিয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হেলগাকে ফলো করা শুরু করেন জেমস। সেন্ট পিটার্সবার্গের এই মডেলের ইনস্টাগ্রামে চার মিলিয়নেরও বেশি ফলোয়ার্স আছে। ইনস্টাগ্রামে তিনি প্রায়ই বিকিনি পরা ছবি দেন। জেমস তার সকল ছবিতেই লাইক দেন। প্রত্যুত্তর দেন হেলগাও। এছাড়া চ্যাটিং ও দেখা-সাক্ষাৎ তো আছেই। নিজেদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জেমস-হেলগা জুটি অবশ্য ধন্যবাদও জানিয়েছেন রোনালদোকে। দ্যা সান।
ইত্তেফাক/রেজা
