‘বেশিরভাগ ধারাবাহিক নাটক দর্শকদের সঙ্গে প্রতারণা করছে’

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১০:০৬
 
জামিল হোসেন। নাটক, চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জামিল বলেন, ‘কিছুদিন আগে ‘রং ঢং’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছিলাম, এখন সেটার ডাবিং চলছে। ছবিটি থেকে একেবারেই ব্যতিক্রম কিছু পাবেন চলচ্চিত্রপ্রেমীরা। মজার ব্যাপার কী জানেন, এ ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানেও কণ্ঠ দিয়েছি আমি। এটা আমার জন্য একটি বড় সুযোগ ছিল। গানটির শিরোনাম ‘অদ্ভুত প্রেম আমার’। ফুয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় গানটির কথা ও সুর আমারই করা। এরমধ্যে বেশ সাড়া পেয়েছি গানটির জন্য।’
 
নাটকের ব্যস্ততা প্রসঙ্গে জামিল বলেন, ‘নির্মাতা সাগর জাহানের ‘ডি ২০’ ধারাবাহিকটির  শুটিং করছি। এছাড়া আরও কয়েকটি ধারাবাহিকের কাজও চলছে।’ ধারাবাহিক নাটক প্রসঙ্গে জামিল বলেন, ‘সত্যি কথা বলতে নাটকগুলো প্রথমদিকে ঠিক থাকলেও ২০-৩০ পর্ব পার হলে আস্তে আস্তে গল্প হারিয়ে ফেলে। এটার মাধ্যমে বেশিরভাগ ধারাবাহিক নাটক দর্শকদের সঙ্গে প্রতারণা করছে। দর্শকরা একটা ভালো নাটক আশা করে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখনকার মানুষ টিভির চাইতে ইউটিউবে নাটক বেশি দেখে। কারণ ইউটিউবে বিজ্ঞাপনহীনভাবে নাটকটা দেখা যায় এবং নিজের ইচ্ছেমতো টেনে টেনে দেখা যায়। এসবের নেপথ্যের গল্পটা আসলে অনেক বড়। আর্থিক সংকট, আর্টিস্টদের সিডিউলসহ অনেক সমস্যাই আজকে নাটকের দুরবস্থার জন্য দায়ী।’
 
ইত্তেফাক/আনিসুর