বিয়ে নিয়ে বাকবিতণ্ডা, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১০:৫৫
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে করা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই সজিবের ছুরিকাঘাতে বড় ভাই রাশেদুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। শনিবার দুপুরে বিনসাড়া গ্রামে এ ঘটনা।
 
তারা উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের হানিফ আলী মোল্লার ছেলে। শনিবার দিবাগত রাতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে তাড়াশ থানা পুলিশ।
 
থানায় দায়েরকৃত মামলা এবং গ্রামবাসী সূত্রে জানা যায়, হানিফ আলী মোল্লার তিন ছেলের মধ্যে ছোট ছেলে সজিব মোল্লার (২০) শ্যালকের সঙ্গে রাশিদুলের শালিকার বিয়ের কথা হয়। এ নিয়ে শুক্রবার রাতে পারিবারিক বৈঠক বসে। সেখানে ছোট দুইভাই ও বাবা-মার সঙ্গে রাশিদুলের বাকবিতণ্ডা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিয়ে আবারো রাশেদুলের সঙ্গে সজিবের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সজিব ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পাঁজরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান জানান, নিহতের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

ইত্তেফাক/এএম।