বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:০৪
 
বরিশালের বাবুগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম পাড়ের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
 
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সেবা পরিবহন এবং বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বি আর টি সি পরিবহনের মধ্যে পাশ কাটাতে গিয়ে পরিবহনের বডির সাথে ঘষা লাগে। মহাসড়কে একটি তিন চাকার চার্জার ভ্যানকে রক্ষা করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। বি আর টি সি বাসের হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
 
গুরুতর আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল এবং উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পড়েনি তাই সামান্য কয়েক জন আহত হয়েছে মাত্র। তবে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে উভয় পরিবহনের যাত্রীরা।
 
ইত্তেফাক/জামান