২০১৭ সালের গোল্ডেন বয় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পিএসজিতে যোগ দেওয়া তরুণ ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। একই তালিকায় জায়গা পেয়েছেন আরেক ফরাসি তরুণ ওসমান ডেম্বেলে ও ম্যানসিটিতে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস।
ইউরোপিয়ান ফুটবলে অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা খেলোয়াড়কে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। ইতালিয়ান পত্রিকা টুটোস্পোর্ট প্রতি বছর তরুণদের জন্য এই পুরস্কারের আয়োজন করে, যাতে ভোট দেন সাংবাদিকদের একটি প্যানেল।
গত মৌসুমে এমবাপের কল্যাণে মোনাকো লীগ ওয়ানের শিরোপা জয় করে। এবারের মৌসুমে এক বছরের ধারে এমবাপে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের তারকা ডেম্বেলে আগস্টে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় পাড়ি জমান। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারনে বর্তমানে তিনি কাতালান দল থেকে বাইরে রয়েছেন। জেসাস এ পর্যন্ত সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচে ১৫ গোল করেছেন।
ইত্তেফাক/কেআই
