নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতির চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিকের চেয়ে অন্তত ৪-৫ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হওয়ায় উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়া এবং তেলিরচরে ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া চর গজারিয়া, তেলিরচর, আবদুল্লাহর চর, লম্বাখালির চর ও মৌলভীর চরের বিভিন্ন বাথান থেকে দেড় শতাধিক মহিষ জোয়ারে ভেসে গেছে। এর মধ্যে শনিবার দিবাগত গভীর রাতে রামগতিরহাট ও চর আলেকজান্ডার এলাকায় ভেসে আসা ৪২টি মহিষ উদ্ধার করা হয়েছে।
চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন জানান, গত তিন দিনে অস্বাভাবিক জোয়ারে তাঁর ইউনয়নের দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়া ও তেলির চরের পুরোটাই প্লাবিত হয়। এতে ওই দুটো চরে নারী ও শিশুসহ ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন।
লম্বাখালির চরের বাথান মালিক মীর নুরনবী ও মো. কাজল জানান, তাঁদের ২০টিসহ মুনাফ মিয়া, বাহার উদ্দিন, মনির উদ্দিন ও দুলাল মিয়ার ৭০টি মহিষ প্রবল জোয়ারে ভেসে গেছে। মৌলভীর চরের বাথান মালিক মো. সোহেল জানান, তাঁর বাথানের ১৫টিসহ ওই চরের কয়েকটি বাথান থেকে ৮০টি মহিষ ভেসে গেছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতার জোয়ারে উপজেলার কয়েকটি ইউনিয়নে নিম্ন ও নিম্ন চরাঞ্চল প্লাবিত হয়। কিছু মহিষ জোয়ারে ভেসে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিভিন্ন ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম।
