সাতক্ষীরার কাথণ্ডা বাজার থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে সদর উপজেলা কাথণ্ডা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের আহসান সরদারের ছেলে গোলাম সরোয়ার (৪০) ও শহরের ইটাগাছা এলাকার সামছুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৫০)। তবে, এ ব্যাপারে আটক গোলাম সরোয়ার জানান, তিনি কোন দোষী নন। রবিউল ইসলাম তাকে ফাঁসিয়ে দিয়েছেন।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাথণ্ডা বাজারের কবীরের কাঠগোলার সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত দুই জনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান
