সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ট্রলার ডুবিতে অরুণ বর্মণ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছেড়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি আর ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা অন্যান্য যাত্রীরা সাতরে তীরে উঠলেও অমিত বর্মণ নামে এক যাত্রী পানিতে ডুবে মারা যান। নিহতের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুর পুর গ্রামে। এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
ফতেহপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন জানান, অরুণ বর্মণ ফতেহপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।ট্রলারটি ঝড়ো বাতাসের কবলে পড়ে খরচার হাওরের হরিমন ভাঙা এলাকায় ডুবে যায়। আর তাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী লাশ উদ্ধার করেছে। রাতেই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
