কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। রবিবার ভোররাত তিনটার দিকে কলাতলীর লাইট হাউজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা দক্ষিণ হাজী পাড়ার মৃত আবুল হাশেমের ছেলে সোহেল (২৪) এবং ইদ্রিসের ছেলে মো. আরমান (২০), কর্ণফুলি থানার শিকলবাহা লালপুল এলাকার শামসুল আলম শামসু মিস্ত্রীর ছেলে নুর মোহাম্মদ হৃদয় ওরফে কালাইয়া (২২), কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া কামাল মিস্ত্রীর বাড়ির নুর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম ওরফে মনিরুল ইসলাম ওরফে হারভজন ওরফে হারবদল ওরফে মুন্না (২৫), মহেশখালী দলিয়ার পাড়ার শামশুল আলমের ছেলে লোকমান হাকিম ওরফে হাকিম (২৬), শহরের লাইট হাউজ পাড়ার মৃত আ. গফুরের ছেলে মো. হানিফ (৩৬)।
কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই দীপক কুমার সিংহ, এসআই আবু বক্কর সিদ্দিক, এসআই শফিকুল ইসলাম, এসআই অহেদ মুরাদ, এসআই মশিউর, এএসআই হিমাংশু কুমার রায় আশীষ, এএসআই রাজীব বৈরাগী, এএসআই শামীম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশের গলিতে ডাকাতি প্রস্তুতি কালে উল্লেখিত ডাকাতদের আটক করে।
ধৃত ডাকাতদের কাছ থেকে ৬টি ছোরা, ৩টি মুখোশ, ৪টি লোহার রড উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনাশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করতঃ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
