দীওয়ালীতে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রথম সারির নায়কের ছবি সিক্রেট সুপারস্টার ও গোলমাল এগেন। অজয় দেবগণের ‘গোলমাল এগেন’ বক্স অফিসের হিসেবে প্রথম দিনেই সুপার ডুপার হিট। সেখানে আমির খানের সিক্রেট সুপারস্টার এগোচ্ছে বেশ খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে।
অভিযোগ উঠেছে, বাজারে কার্যত মুখ থুবড়ে পড়া সিক্রেট সুপারস্টার হিট করাতে না পারলেও গোলমাল এগেনের বাজার কাড়তে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছেন আমির। কী করেছেন তিনি জানেন? সিক্রেট সুপারস্টারের কম বাজেট সত্ত্বেও ভারতের মাল্টিপ্লেক্স চেনগুলিকে চাপ দিয়ে বড় বাজেটের গোলমাল এগেনের সমান সংখ্যক স্ক্রিন আদায় করে নিয়েছেন তিনি।

উৎসবের মেজাজের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের দর্শকরা হইহই করে যাচ্ছেন ফুর্তি আর হইচইয়ের ছবি গোলমাল এগেন দেখতে। কিন্তু আমিরের হস্তক্ষেপে অনেক সময়েই হতাশ হচ্ছেন তারা। মাল্টিপ্লেক্সে চলছে সিক্রেট সুপারস্টার, অনিচ্ছা সত্ত্বেও তা-ই দেখতে হচ্ছে অনেককে। কিন্তু তা সত্ত্বেও সিক্রেট সুপারস্টার কোনওরকম লড়াই-ই দিতে পারছে না গোলমাল এগেনকে। অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে অজয়ের ছবির যাবতীয় টিকিট অথচ মাল্টিপ্লেক্স চেনের কার্যত হাত মুচড়ে ৫০:৫০ পর্দা আদায়ের পরেও ফাকা চলছে আমিরের সুপারস্টার।

কীভাবে মাল্টিপ্লেক্স চেনগুলির কাছ থেকে নিজের কম বাজেটের ছবির জন্য সমানসংখ্যক স্ক্রিন আদায় করলে আমির। জানা গেছে, তিনি নাকি হুমকি দিয়েছেন, সিক্রেট সুপারস্টারকে দেখাতে না দিলে তিনি তার আগামী কোনও বড় ছবিও ওই মাল্টিপ্লেক্সকে দেবেন না। আমিরের আগামী ছবি ঠগস অফ হিন্দোস্তান, যেখানে তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের পাশে। ফলে তার শর্তে রাজি না হওয়া ছাড়া উপায় কী। এবিপি আনন্দ।
ইত্তেফাক/ রেজা
