নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ, শিশু নিখোঁজ

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:১৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার সকালে টাংগাব গ্রামে বালু মহালের ইঞ্জিন চালিত বড় নৌকা (ট্রলার) থেকে ৭ বছর বয়সী এক শিশুকে ব্রহ্মপুত্র নদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। 
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার দাওয়াদাইর গ্রামের আলম মিয়ার ৭ বছর বয়সী ছেলে ওমর ফারুক তার বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদে টাংগাব ঘাটে বালু ব্যবসায়ী হারুন মৌল্লার বালু উত্তোলনের ইঞ্জিন চালিত বড় নৌকায় উঠে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন দেখছিল। নৌকার মালিক পক্ষের লোকজন শিশুদের ধমক ও ধাক্কা দিয়ে নৌকা থেকে নামিয়ে দিচ্ছিল। মালিক পক্ষের লোকজনের ধাক্কায় ওমর ফারুক ড্রেজার মেশিনের কাছে পড়ে মূহুর্তের মধ্যে ব্রহ্মপুত্রে নদে নিখোঁজ হয়ে যায়। রির্পোট লেখা পর্যন্ত ( বিকাল সাড়ে ৪টা) নিখোঁজ ওমর ফারুককে খুজেঁ পাওয়া যায়নি। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্রহ্মপুত্র নদে শিশু ওমর ফারুকের খোঁজ করছিল। ওমর ফারুক টাংগাব গ্রামের চঞ্চল মডেল একাডেমির শিশু শ্রেণির ছাত্র। টাংগাব গ্রামে তার নানা দুলাল মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করতো।
 
এ ঘটনায় এলাকাবাসী ড্রেজার শ্রমিক আলমগীর, কবীর ও আশিক নামে তিন ড্রেজার শ্রমিককে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, অভিযোগ পেলে আটককৃতদের গ্রেফতার দেখানো হবে।
 
ইত্তেফাক/এমআই