হবিগঞ্জে চিকিৎসকের অবহেলায় গর্ভবতীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:৪৭
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার সকালে  চিকিৎসকের অবহেলায় মর্জিনা আক্তার (২০) নামে এক গর্ভবতী নারীর  মৃত্যু হয়েছে বলে  অভিযোগ পাওয়া গেছে। মর্জিনা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের আল আমিনের স্ত্রী।
 
মর্জিনার স্বামী আল আমিন জানান, রবিবার সকালে মর্জিনার মাথা ব্যথা ও বমি শুরু হলে  সকাল ৮ টার দিকে তাকে উপজেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় জনৈক  উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  কিছু ওষুধ লিখে দিয়ে তাকে ভর্তি হতে বলেন। ভর্তির কিছুক্ষণ পর  নাদিম নামে একজন ব্রাদার এসে ইনজেকশন দেয়। এর পরেই মর্জিনা মারা যায়। স্বজনদের অভিযোগ যে লোকটি ইনজেকশন দিয়েছিল তার পরনে হাসপাতালের পোশাক ছিল না। ইনজেকশন দেয়ার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকালে জরুরী বিভাগের দায়িত্বে ছিলেন ডা. বিশাখা মাসুদ। কিন্তু তিনি তখন উপস্থিত না থাকায় জনৈক কমিউনিটি মেডিকেল অফিসার মর্জিনা আক্তারকে  চিকিৎসা করে ব্যবস্থাপত্র দেন।
 
এ ব্যাপারে ডা. বিশাখা মাসুদ বলেন,  রোগীর উপসর্গ অনুযায়ী ঔষধ দেওয়া হয়েছে। অন্য  কোন কারণে  তার মৃত্যু হতে পারে।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারো অবহেলায় কিংবা ভুল চিকিৎসা হয়েছে কিনা এ ব্যাপারে আবাসিক মেডিকেল কর্মকর্তা কিশালয় সাহাকে তদন্তের ভার দেওয়া হয়েছে।
 
এ ব্যাপারে থানার পরিদর্শক(তদন্ত) কাওছার আলম জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/এমআর