‘আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ’

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:৪৭
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ঢাকা শহরের ৪৭টি খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। 
 
আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়নসহ ঢাকা শহরের মূল সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সিটি করপোরেশন, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে এসব সমস্যা সমাধানে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
 
জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা বিষয়ক অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের সমস্যাগুলো এক দিনের নয়, এইগুলো দীর্ঘদিনে সৃষ্টি হয়েছে। সমাধানেও একটু সময় লাগছে, তা নিরসন করা সম্ভব, তবে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। আশা করি, আগামী বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা সমস্যার অনেকটা সমাধান হবে।
 
তিনি আরো বলেন, ঢাকা শহরের খালগুলো ভাগাড়ে পরিণত হয়েছে। এগুলো পরিষ্কার করতে হবে। সবকয়টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে