শর্ত সাপেক্ষে ছয় মাসের জামিন পেলেন বিএনপি নেতা মাহতাবউদ্দিন চৌধুরী ওরফে মিনার। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় হাইকোর্ট রবিবার তার অন্তবর্তিকালীন জামিন মঞ্জুর করে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক-আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে মিনার চৌধুরীকে বিচারিক আদালতে পাসপোর্ট দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পেলে জামিন বাতিল হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।
আদালতে মিনারের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন। বশির আহমেদ বলেন, হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০১৪ সালের ২০মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পুড়িয়ে দেয়া হয় তার গাড়ি। এ ঘটনায় করা হত্যা মামলার অধিকাংশ আসামি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী। বর্তমানে মামলাটি সাক্ষ্য-গ্রহণ পর্যায়ে রয়েছে। গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটির বিচার কাজ ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়। কিন্তু এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে জামিন চান মিনার চৌধুরী। হাইকোর্ট অন্তবর্তিকালীন জামিনের পাশাপাশি রুল জারি করে।
ইত্তেফাক/এমআই
