বিএসএমএমইউর অধীনে যাচ্ছে মেডিকেল টেকনোলজি কোর্সগুলো

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২০:১৭
 
এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হচ্ছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৬৭তম সভায় সর্বসস্মতিতে এ বিষয়টি অনুমোদিত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বিএমডিসি-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের এ কথা জানিয়ে বলা হয়, নব প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজসমূহ ব্যতীত অন্যান্য সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজসমূহে বিদ্যমান এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় অধিভুক্ত করা হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে