রোহিঙ্গা গণহত্যা বিচারের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শুরু

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২০:৩৫
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচারের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের শুনানি শুরু হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রবিবার এ আবেদনের ওপর শুনানি শুরু হয়। আংশিক শুনানি শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
 
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এ রিট দায়ের করেন। শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার শফিক আহমেদের মতামত জানতে চায় আদালত। ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনার তদন্ত বা বিচার করার এখতিয়ার আমাদের ট্রাইব্যুনালের নেই।
 
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে এ রিট আবেদন করা হয়েছে। এছাড়া এটা হাস্যকর মামলা। কারণ যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা সংঘটিত হয়েছে মিয়ানমারে। তাই বাংলাদেশের কোনো আদালত ওই দেশে সংঘটিত অপরাধের তদন্ত বা বিচার করার আদেশ দিতে পারে না। 
 
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(২)(এ) ধারা অনুযায়ী পৃথিবীর যেখানেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হোক না কেন তার তদন্ত ও বিচারক কাজ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক অপরাধ। তাই পৃথিবীর যেখানেই এ অপরাধ ঘটুক না কেন তার বিচার অন্য দেশে হতে পারে। তিনি বলেন, চিলির স্বৈরশাসক অগাস্টো পিনো শে’র অপরাধের বিচার হয় স্পেনে। সুতরাং মিয়ানমারে সংঘটিত অপরাধের বিচার এদেশে হতে বাধা নেই। 
 
এর আগে শরণার্থী সংক্রান্ত আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম। 
 
ইত্তেফাক/এমআই