অতিরিক্ত রেজিস্ট্রারসহ ৬ পদে সুপ্রিমকোর্টে প্রেষণে নিয়োগ

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২১:১৮
 
সুপ্রিম কোর্ট প্রশাসনের অতিরিক্ত রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও ডেপুটি রেজিস্ট্রার পদে ছয়জনকে নিয়োগ দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার অভিপ্রায় অনুযায়ী এসব পদে প্রেষণে তাদের নিয়োগ দেয়া হয়েছে। আজ রবিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 
 
প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমকে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ফরিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামকে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার, নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমানকে হাইকোর্টের স্পেশাল অফিসার, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম সৈয়দা হাফছা ঝুমাকে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ও চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবদুর রহমানকে ডেপুটি রেজিস্ট্রার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। 
 
প্রধান বিচারপতি এসকে সিনহা ৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান। এরপরই সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ পদগুলোতে রদবদল আনা হয়। ওই রদবদলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ দশজনকে বদলি করা হয়। এরপরই সুপ্রিম কোর্ট প্রশাসনে প্রেষণে ছয়জন বিচারবিভাগীয় কর্মকর্তাকে নিয়োগ দিল সরকার। 
 
ইত্তেফাক/কেকে