বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সদস্য সংগ্রহের কাজ চলে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। গঠনতন্ত্র অনুযায়ী, নির্দিষ্ট হারে এক শত টাকা চাঁদা দিয়ে সদস্য সংগ্রহ অভিযান চলবে ১৫ দিন পযন্ত।
সদস্য সংগ্রহ কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সদস্য সংগ্রহের জন্য দল যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। কিন্তু আমার ভয় হয়, যারা এতোদিন অন্যদলের রাজনীতি করেছে তাদের যদি অনুপ্রবেশ ঘটে। তাই একটি কমিটি করে দিতে হবে যাতে কোন অনুপ্রবেশকারী দলে ঢুকে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার বলেন, হাইব্রিড আর লো ব্রিড বুঝি না অবশ্যই যাচাই বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে এতদিন সুপ্রিম কোর্টসহ দেশের প্রায় সকল বারই অন্যের দখলে ছিল। ঐক্য গড়েছি এবার দেশের প্রতিটি বারে আমরা বিজয়ী হবো।
সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন এমপি প্রমুখ।
ইত্তেফাক/এমআই
