সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতের দেয়া ২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। ফলে প্রথম ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে সফরকারীরা।
নিউজিল্যান্ডের জয়ে দলের পক্ষে বড় অবদান রাখেন টম লাথাম। তিনি ১০২ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া রস টেইলর ৯৫ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। ভারতের পক্ষে হার্ডিক পান্ডে একটি, বুমরাহ একটি ও কুলদীপ যাদব একটি করে উইকেট দখল করেন।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সেঞ্চুরি করেন অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটা তার ৩১-তম শতরান। শুরুতেই দুই ওপেনার শিখর ধাওয়ান (৯) ও রোহিত শর্মা (২০) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদবের (১২) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ধাওয়ান ও রোহিতের উইকেট নেন ট্রেন্ট বোল্ট। কেদারকে ফেরান মিচেল স্যান্টনার।
৭১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। তবে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় টিম সাউদির বলে পুল করতে গিয়ে কলিন মুনরোর হাতে ক্যাচ দিয়ে আউট হন কার্তিক। এরপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তিনিও ২৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান। কোহলি ১২৫ বলে ১২১ রান করে সাউদির বলে আউট হন। শেষদিকে ভুবনেশ্বর কুমার ২৬ রান করেন। বোল্ট ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন।
ইত্তেফাক/ইউবি
