ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে এবং বাম ছাত্র সংগঠনের পরীক্ষা বাতিলের তীব্র আন্দোলনের মুখে তড়িঘড়ি করে ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে পরীক্ষার দুদিন পর এই ফল প্রকাশ করা হয়।
শুক্রবারের ‘ঘ’ ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র অন্তত আট ঘন্টা আগে ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন ফাঁসের বিষয়টি কোনো তদন্ত ছাড়া অস্বীকার করে। তারপর তড়িঘড়ি করে পরীক্ষার ফল প্রকাশ করেছে।
ব্যর্থতা ঢাকতেই দ্রুত এই ফল প্রকাশ করা হয়েছে বলে বাম ছাত্র সংগঠনের নেতারা দাবী করেছেন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের জানানো হয়, দেড়টায় কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের কিছুক্ষণ পূর্বে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দুটি অংশ বিক্ষোভ মিছিল করে। মিছিলগুলো মধুর ক্যানটিন থেকে একত্রিত হয়ে উপাচার্যের কার্যালয়ের দুটি কলাপসিবল ফটক ভেঙে উপাচার্যের কক্ষের দরজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ সময় তারা তদন্ত কমিটি করে প্রতিবেদন প্রকাশ করার পর পরীক্ষার ফল প্রকাশের দাবী জানান। এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্য আসেন। বিক্ষোভকারীরা উপাচার্যের প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা ও পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবী জানান।
কিন্তু উপাচার্য বিক্ষোভকারীদের বলেন, ‘পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষার কেন্দ্র থেকে। ডিভাইসের মাধ্যমে যারা জালিয়াতি করেছেন তাদের ধরা হয়েছে। পরীক্ষা বাতিল করা হবে না বলে তিনি জানান।
পাশের হার ১৪.৩৫ শতাংশ
পূর্বের ক, খ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পরীক্ষার কমপক্ষে তিনদিন পর প্রকাশিত করা হলেও ঘ ইউনিটের পরীক্ষার ফল দু’দিন পর রবিবার দুপুর সোয়া দুইটায় কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
প্রকাশিত ফলে দেখা যায় এবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় তিনটি শাখার অংশগ্রহণকারী ৭১ হাজার ৫৪৯ জনের মধ্যে পাশ করেছে ১০ হাজার ২৬৪ জন আবেদনকারী, যার পাশের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে মানবিক শাখা থেকে পাশের হার সবচেয়ে বেশি ২২ দশমিক ০৭ শতাংশ, ব্যবসায় শাখায় ১২ দশমিক ৭৭ শতাংশ।
ফল সংশ্লিষ্ট বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
ইত্তেফাক/নূহু
