শেরপুর জেলা পুলিশের একটি বিশেষ দল আজ রবিবার টাঙ্গাইল জেলার কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির নাম আবুল কাশেম (২২)। সে নকলা থানার চন্দ্রকোনা বাজার থেকে উদ্ধারকৃত বিস্ফোরক মামলার প্রধান আাসামি
উল্লেখ্য, গত ৫ অক্টোবর চন্দ্রকোনা বাজারের তানিশা গার্মেন্টস এন্ড সুজ নামক দোকানে অভিযান চালিয়ে ১৮ কন্টেইনার ভর্তি বিস্ফোরক প্রস্তুতের তরল উপাদানসহ ১টি খালি কন্টেইনার উদ্ধার করে পুলিশ। রবিবার রাত ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রফিকুল হাসান গণি এ তথ্য সাংবাদিকদের নিকট প্রকাশ করেন।
রফিকুল হাসান জানান, পলিশ হেড কোয়াটার্সের প্রযুক্তির সহায়তায় শেরপুর জেলা পুলিশ তথ্য পায় যে, আবুল কাশেম আজ ভোরে চাপাইনবাবগঞ্জ থেকে তার সংগঠনের সদস্যদের নিয়ে ঢাকায় রওনা হবে। জেলা পুলিশের দলটি প্রযুক্তির সহায়তায় তার যাত্রাপথ মনিটরিংয়ের মাধ্যমে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে বেলা ১২ টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, ২০১৫ সনের ডিসেম্বর মাসে ফেসবুকে সে দুইজন নতুন বন্ধুর ফ্রেন্ড-রিকোয়েস্ট একসেপ্ট করে। কিছুদিন ফেসবুকিং করে ঘনিষ্টতার এক পর্যায়ে তারা তাকে জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে ধারণা দেয় এবং ইসলামের শত্রুদের নিধনের জন্য এর সদস্য হওয়ার অনুরোধ জানায়। তাদের অনুরোধে প্রাথমিক সারা দিলে তারা তাকে ফেসবুক ছেড়ে একটি বিশেষ এনকোডেড মোবাইল এ্যাপসের মাধ্যমে যোগযোগ অব্যহত রাখার নির্দেশ দেয়।
উক্ত সংগঠনের সিনিয়রদের নির্দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চন্দ্রকোনা বাজারে ফাইজউদ্দিনের ভাড়াকৃত ঘরটি সে মাসিক ৬শ’ টাকায় সাবলেটে ভাড়া নেয়। সংগঠনের এক সদস্য গত মার্চ মাসের এক রাতের বেলায় ছোট ট্রাকে করে কন্টেইনারগুলো চন্দ্রকোনা বাজারে এনে ভাড়াকৃত দোকানে মজুদ করে। বড় কোন জনসমাবেশে সুবিধাজনক সময়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা তাদের ছিল।
তবে সাম্প্রতিক কালে কোরবানির ঈদ ও দুর্গাপূজা অনুষ্ঠানের পূর্ব থেকেই জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় তারা তাদের পরিকল্পনা পিছিয়ে দেয়। এবং পরবর্তিতে সুবিধাজনক সময়ে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়।
আবুল কাশেম নব্য জেএমবি’র সদস্য বলে স্বীকার করেছে। এবং তার সাংগঠনিক নাম আবু মোসাব বলে জানিয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ধৃত জেএমবি সদস্য আবুল কাশেমকে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।
ইত্তেফাক/নূহু
