চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে হাটহাজারীতে সড়ক অবরোধ করেছে তার অনুসারীরা। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে চেতনা ৭১ সংগঠনের মেখল ইউনিয়নের সভাপতি এম এ রহিম মুন্নার নেতৃত্বে হাটহাজারী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ইছাপুর বাজার, কলেজ গেইট, মদনহাট ১নং গেইট, ২নং গেইট, কাটিরহাট, সরকারহাট, চারিয়া বাজারসহ উপজেলায় সড়ক অবরোধ করে তারা। এ সময় দুর্ভোগে পড়েন চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাউজান-রাঙামাটি রুটসহ নগরমুখী যাত্রীরা। আটকা পড়ে কয়েকশ যানবাহন। রাস্তার ওপর যানবাহন রেখে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরাও। এতে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আনোয়ারা উপজেলার বাসিন্দা জেলা যুবলীগ নেতা জয়নালের পায়ে গুলির করার অপরাধে মঞ্জুরুলকে আটক করে পুলিশ। শনিবার রাতে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে আটক করা হয়।
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ইত্তেফাককে জানান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে তার সমর্থকরা সড়কে ব্যারিকেড দিয়েছে। আমরা দ্রুতই ব্যারিকেড তোলার চেষ্টা করছি।
ইত্তেফাক/নূহু
