কুমিল্লায় গুরুত্বপূর্ণ সড়কসহ অলি-গলি পানির নিচে বিপর্যস্ত জনজীবন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৩:৩৯

কুমিল্লায় টানা বৃষ্টির জলজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়কসহ অলি-গলি ও রাস্তাঘাট। গত দুইদিনের বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ সড়ক ডুবে গেছে পানির নিচে।  গত শনিবার কুমিল্লা নগরীর অধিকাংশ সড়কের চিত্র ছিল এটি।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ এলাকা গত দুইদিনের টানা বৃষ্টিতে পানিতে ভেসে গেছে। অধিকাংশ এলাকার বাড়ি-ঘরে এবং অলি-গলির দোকানপাটেও পানি ঢুকে পড়ে অনেকের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ড্রেনের ময়লা-আবর্জনা এবং নোংরা দূষিত পানি এখন রাস্তার উপর। পানিতে নিমজ্জিত হয়ে একাকার হয়ে ড্রেন ও রাস্তার উপর পানি থৈ থৈ করছে। একই সাথে বেহাল অবস্থা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক রেইস কোর্স, কাঠেরপুল, অশোকতলা, পূবালী চত্বর, দক্ষিণ চর্থা, শাকতলা, তালপুকুরপাড়, পুলিশ লাইন, বজ্রপুর রোড, থিরাপুকুর পাড়, মনোহরপুর, নজরুল এভিনিউ, ডিসি রোড, ছায়াবিতান, বিসিক, মুরাদপুর, বাগিচাগাঁও, চকবাজার, ইপিজেড রোড, টমছম ব্রিজ, ছাতিপট্টি, সরকারি মহিলা কলেজ রোড, ঠাকুরপাড়া বৌদ্ধমন্দির রোড, কালিয়াজুরি, স্টেডিয়াম রোড, ডায়াবেটিক হাসপাতাল, টাউন হলের সামনে, রাজগঞ্জ, ভিক্টোরিয়া কলেজ রোড, বারপাড়াসহ বিভিন্ন এলাকা। এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে নগরবাসীর জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

অপরিকল্পিত রাস্তাঘাট, নকশাবহির্ভূত বহুতল ভবন ও বাড়ি-ঘর নির্মাণ, রাস্তা ও ড্রেনের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ, সরু পরিসরের ড্রেনেজ ব্যবস্থার কারণে একেবারে ধীরগতিতে পানি নিষ্কাষণ হওয়ায় জলাবদ্ধতা অনেকটা স্থায়ী রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন নগরবাসী।

কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল বলেন, জলাবদ্ধতা নগরবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা না হলে এ অভিশাপ থেকে মুক্তি পাবে না। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ বড়ুয়া বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেনের রুটিন ওয়ার্কগুলো করছি। এছাড়া টমছম ব্রিজের দিকের বড় খালও পরিষ্কার করছি।

ইত্তেফাক/নূহু