মার্কো আসেনসিওর গোলে এইবারকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে লা লিগার এই ম্যাচে রিয়াল জয় পেয়েছে ৩-০ গোলে। এই জয়ে ৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৯ ম্যাচে ২৫। আর দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া রিয়ালের চেয়ে এগিয়ে আছে এক পয়েন্টে।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার ১৮ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় রিয়াল। আসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন সার্জিও রামোস। তার সঙ্গে লাফিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করেন এইবারের পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরা। কিন্তু উল্টো তার হেডে বল চলে যায় নিজেদের জালেই।
IMG0
২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। বাঁ দিক থেকে ইসকোর ক্রসে আসেনসিওর নেওয়া হাফ ভলিতে আসা বলের বরাবরে থাকলেও তা ধরতে পারেননি এইবারের সার্বিয়ান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। সবশেষ ৮২ মিনিটে মার্সেলো আরেক গোল করেন। বদলি হিসেবে নামা করিম বেনজেমার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।
ইত্তেফাক/কেআই
