আরণ্যক’র ৪৫ বছর উদযাপনে নাট্যোৎসব শুরু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১০:১৮
 
অন্যায়-অসত্য, অমানবিকতার বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের নিয়ে সাম্য ও শান্তির সমাজ প্রতিষ্ঠার আহ্বানে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ‘পুষ্প-মঙ্গল নাট্যোৎসব’। আরণ্যক নাট্যদলের ৪৫ বছরে পদার্পণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
 
আরণ্যক নাট্যদলের পাশাপাশি এতে ভারত, ইরান, নরওয়ের বিভিন্ন নাট্যদলও অংশ নিচ্ছে। উৎসবের স্লোগান ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণি সংগ্রামের সুতীক্ষ হাতিয়ার’। উৎসবে আরণ্যক এর নাটক ‘রাঢ়াঙ’, ‘ময়ূর সিংহাসন’ মঞ্চস্থ হবে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে আসা ঋত্বিক নাট্যদলের ‘আঁধারে সূর্য’, আগরতলার নাট্যভূমির ‘রাইমা সাইমা’, শান্তিপুরের শান্তিপুর সাংস্কৃতিক দলের ‘বৃষ্টি বৃষ্টি’, আলিপুরের প্রাচ্য নাট্যদলের ‘সখারাম’, কলকাতার আয়ন্দা নাট্যদলের ‘অনুশোচনা’ মঞ্চস্থ হবে।
 
২৬ অক্টোবর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নরওয়ের ড্রাগ প্রোডাক্সজোনের নাটক ‘হেরিটেজ’, ২৭ অক্টোবর ইরানের ‘মানাওস’ ও ২৮ অক্টোবর নন্দন মঞ্চে হংকং থেকে আসা এশিয়ান পিপলস থিয়েটার সোসাইটির নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়াও প্রতিদিন নাটক মঞ্চায়নের আগে জাতীয় নাট্যশালার লবিতে আরণ্যক নাট্যদলের নাটিকা প্রদর্শিত হবে।
 
গতকাল সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমির উন্মুক্ত নন্দন মঞ্চে উত্সবের উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী অভিনেত্রী লিলি চৌধুরী। উত্সবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নরওয়ের রাষ্ট্রদূত সিডস্যাল ব্লিকেন ও ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনভি। নাট্যকার, নির্দেশক মান্নান হীরার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
 
আরণ্যকের প্রধান সম্পাদক নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, আমরা যে শিল্পের চাষই করি না কেন, শেষ কথায় শিল্পভুবনে তা একটি ফুল হয়েই ফুটে থাকে। তেমনি আরণ্যক ৪৫ বছরে সেই ফুলের চাষ করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় আরণ্যকের নাটক ‘ইবলিশ’।
 
ইত্তেফাক/আনিসুর