দশ জনের দল নিয়ে আর্সেনালের কাছে রীতিমতো নাকানি-চুবানি খেয়েছে এভারটন। রবিবার রাতে রোমাঞ্চকর ম্যাচে ৫-২ গোলে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ-এ অবস্থান নিয়েছে আর্সেনাল। অপরদিকে মাত্র ৮ পয়েন্ট নিয়ে রেলিগেশনের সাঁড়িতে চলে গেছে এভারটন।
ঘরের মাঠ গুডিসন পার্কে ১২ মিনিটে ওয়েন রুনির গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। বিরতির পাঁচ মিনিট আগে আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়েল। তবে ৫৩ মিনিটে মেসুত ওজিল গানারদের এগিয়ে নেন ২-১ গোলে। ৬৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় এভারটন। বাজে ফাউল করে ইদ্রিসা গুইয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চলে যান মাঠের বাইরে।
শেষ ২২ মিনিট ১০ জনের এভারটনকে বেশ ভুগিয়েছে আর্সেনাল। এ সময়ে এভারটনের জালে তিনবার বল জড়িয়েছে দলটি। ৭৪ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে আর্সেনালের পক্ষে গোল করেন। ৯০ মিনিটে অ্যারন রামসে করেন চতুর্থ গোল। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ওমর নিয়াসে এভারটনের হয়ে একটি গোল শোধ দেন। তবে দুই মিনিট পর আর্সেনালকে পঞ্চম গোল এনে দেন অ্যালেক্সিস সানচেজ। তাই শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
ইত্তেফাক/কেআই
